ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে একটি ট্রাকে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ডিএপি (রাসায়নিক) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক ট্রাকের চালকের দেওয়া তথ্যমতে, জব্দকৃত এক ট্রাক ডিএপি সার ঠাকুরগাঁওয়ের ভাউলারহাট এলাকার ব্যবসায়ী রানা'র বলে দাবি করা হয়।
পরে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাদের মুক্তি দেন। তবে ট্রাকসহ জব্দ করা সার ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলমের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসন জানিয়েছে, জব্দকৃত সার সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণের অবৈধ মজুত, পরিবহন ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।