সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে ফরিদপুর জেলা বিএনপি। নৈতিক স্খলনের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে ফরিদপুর জেলা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানকে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে ভিডিওটির বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বহিষ্কারের সিদ্ধান্তের পর এ কে এম কিবরিয়া স্বপন তার ফেসবুক আইডিতে আদেশপত্রের একটি কপি প্রকাশ করে লিখেছেন, "কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।"