যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার প্রবাসীদের উদ্যোগে ‘আমরা ছাতক স্পোর্টস অ্যাসোসিয়েশন’ নামে একটি ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সংগঠনের লক্ষ্য যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদদের এক প্ল্যাটফর্মে এনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করা।
সংগঠনের উপ-সভাপতি সুরথ মিয়া জানান, যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের সকল বাসিন্দাকে সংগঠনের ফেসবুক পেজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশে অবস্থানরত ছাতকের মানুষও যুক্তরাজ্যে প্রবাসী ছাতকবাসীর ক্রীড়া কার্যক্রমের সর্বশেষ খবর জানতে পেজটির সঙ্গে যুক্ত হতে পারবেন।
তিনি আরও জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ছাতকি বংশোদ্ভূত ক্রীড়াবিদদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা সংগঠনের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে সদস্য হতে এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন।
সংগঠনের উদ্যোগে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ক্যারম, নৌকাবাইচসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।