অনুমোদনহীন বৈদেশিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)।
আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন ও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো: জুলফিকার হোসেন বলেন, বর্তমানে দেশে অনেক অনুমোদনহীন ও অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের নানাভাবে প্রতারিত করছে। এই খাতের সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় একটি শক্তিশালী ও মানসম্পন্ন সরকারি নিয়ন্ত্রক কাঠামো বা নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে FACD-CAB-এর সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান - অবৈধ পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে শিক্ষার্থীদেরও যেকোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে সচেতন হওয়ার এবং সঠিক তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
উক্ত সংবাদ সম্মেলনে FACD-CAB-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এফবিসিসিআই (FBCCI)-এর লোগো সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়, যা এই খাতের গুরুত্ব ও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার দিকে নির্দেশ করে।