র্যাবের ওপর সশস্ত্র হামলায় মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। রিপন নারায়ণগঞ্জের মাসদাইর দাতা সড়ক এলাকার হারুনের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের র্যাব- ১১ সদর কোম্পানি এবং কক্সবাজারস্থ র্যাব-১৫-এর একটি যৌথ দল মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় সক্রিয় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার। কন্ট্রাক্ট কিলিংয়ের পাশাপাশি মাসদাইর, গলাচিপা বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসার নিয়ন্ত্রক রিপন। এছাড়া অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র্যাবের দাবি, গত ৫ মে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় মাদকের আস্তানা সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে র্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিন র্যাব সদস্যকে গুরুতর আহত করে।
র্যাব জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতার হওয়া রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।