"সবুজ পরিবেশ, নিরাপদ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ থানায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এ সময় বীরগঞ্জ থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পুলিশের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।