৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
সংবাদ:
বরিশালের গৌরনদীতে সোমবার (১৩ জুলাই) জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার স্বাভাবিক চক্রে পরিবর্তন এসেছে। অতিবৃষ্টি, তাপপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ সময় তিনি নতুন স্লোগান ঘোষণা করেন— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
বরিশাল সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা সরিকল খালের পাশে একটি গাছের চারা রোপণ করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।